৩ মাসের শিশুকে হত্যা, সৎ বাবা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে তিন মাসের এক শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) কাজী আব্দুল খালেক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আল-আমিন (৩০) ওই এলাকার বাসিন্দা।

নিহত আরিয়ানের মা রাজিয়া খাতুন ডেইলি স্টারকে বলেন, ‘আরিয়ান গর্ভে থাকা অবস্থায় তার বাবা আশরাফ আরেকটি বিয়ে করে চলে যান। পরে দুই মাসের পরিচয়ে আল-আমিনের সঙ্গে আমার বিয়ে হয়।’

তিনি বলেন, ‘আল-আমিন মাদকাসক্ত। আরিয়ান কাঁদলে মারধর করতো আল-আমিন। আজ ভোরে কান্না করলে তার ডান পা ভেঙে দেয়। একপর্যায়ে আছাড় দিয়ে হত্যা করে আল-আমিন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’

আরিয়ানের নানি ফরিদা খাতুন জানান, রাজিয়ার বড় মেয়ে তার কাছে থাকে।

পরিদর্শক কাজী আব্দুল খালেক বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার আল-আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts