লেবাননে আজ রাত থেকে ১০ দিনের যুদ্ধবিরতি: ট্রাম্প

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার রাতে মার্কিন নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘আজ রাত ৯টা (জিএমটি সময়) থেকে লেবাননে যুদ্ধবিরতি শুরু হচ্ছে।’

পোস্টে তিনি লেখেন, ‘আমি লেবাননের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

‘এই দুই নেতা একমত হয়েছেন যে, তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে আজ ইস্টার্ন সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করবেন,’ বলেন তিনি।

ট্রাম্প আরও লিখেছেন, ‘মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এই দুই দেশ বৈঠকে বসেছিল। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি—জয়েন্ট চিফ অব স্টাফ ড্যান কেইনকে সঙ্গে নিয়ে ইসরায়েল ও লেবাননের বিষয়ে কাজ করতে, যেন একটি স্থায়ী শান্তি অর্জন করা যায়।’

নিজের সাফল্যের কথা জানিয়ে ট্রাম্প ওই পোস্টে আরও লেখেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। আর এটি হবে আমার দশম। তাই আসুন, এটি সম্পন্ন করি!’

Related Articles

Latest Posts