আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন জ্বালানি সংকটের কারণে স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বার কাউন্সিল। এতে বলা হয়, বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে জ্বালানি সংকটের কারণে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সংকটের ফলে সাতটি সাধারণ ও সাতটি আঞ্চলিক পদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও সভায় তুলে ধরা হয়।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন বার অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আবেদন ও অনুরোধ যথাযথভাবে বিবেচনা করে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২ এপ্রিল বার কাউন্সিলের এক সভায় নির্বাচনের জন্য ১৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছিল।

