বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাও তখন স্তব্ধ। গ্যালারিতে হাজারো ব্রাজিল সমর্থকের চোখে অবিশ্বাস, হতাশা আর নিস্তব্ধতার ভার। ম্যাচের স্কোরলাইনও অবিশ্বাস্য। সেই রাতেই— ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির ৭-১ ব্যবধানের জয়ে গোল করে ইতিহাসের চূড়ায় দাঁড়ান মিরোস্লাভ ক্লোসা। গোলরক্ষকের ঠেকানো প্রথম শটের পর ফিরতি বল ঠাণ্ডা মাথায় জালে পাঠান তিনি। ব্রাজিলেরই কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলে হয়ে যান বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোলের মালিক।
মুহূর্তটি ছিল বিস্ফোরক, কিন্তু কোনো বাড়তি কায়দায় উদযাপন ছিল না। যেন এটাই স্বাভাবিক ছিল, গোল করবেন, দলের জন্য অবদান রাখবেন, তারপর আবার নীরবে নিজের জায়গায় ফিরে যাবেন। ক্লোসার পুরো ক্যারিয়ারটাই যেন এমন— নিঃশব্দ আর সংযত হলেও নির্মমভাবে কার্যকর।
ক্লোসা নিজেই একবার বলেছিলেন, ‘গোল করা আর মাছ ধরা একরকম। দুই ক্ষেত্রেই ধৈর্য ধরতে হয়, সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হয়, তারপর শক্তি আর ঠাণ্ডা মাথার নিখুঁত সমন্বয় ঘটাতে হয়।’
পোল্যান্ডে জন্ম, শৈশবের শুরুটা কেটেছে সেখানেই। আট বছর বয়সে পরিবারের সঙ্গে জার্মানিতে পাড়ি জমান ক্লোসা। অভিবাসী জীবনের বাস্তবতা, ভাষা ও সংস্কৃতির পরিবর্তন মিলিয়ে তার বেড়ে ওঠা ছিল চ্যালেঞ্জে ভরা। ফুটবলের পথটাও ছিল একেবারেই প্রচলিত ধারার বাইরে। কোনো নামী একাডেমি নয়, স্থানীয় ক্লাবেই শুরু। তরুণ বয়সে কাঠমিস্ত্রির প্রশিক্ষণও নিয়েছিলেন। এমনকি ২১ বছর বয়সেও তিনি খেলছিলেন জার্মানির পঞ্চম স্তরের লিগে। যেখানে অনেকের স্বপ্ন থেমে যায়, সেখান থেকেই শুরু তার উত্থান।
তবে যোগ্যতা আর ভাগ্যের সমন্বয়ে সুযোগ আসে যখন ক্লোসাকে তুলে নেয় কাইজারস্লটার্ন। সেখান থেকেই বুন্ডেসলিগায় অভিষেক, ঝলক দেখিয়ে দ্রুতই জায়গা করে নেন জাতীয় দলে। ২০০১ সালে আন্তর্জাতিক অভিষেকেই গোল, তারপর আর পেছনে তাকাতে হয়নি। ভের্দার ব্রেমেন, বায়ার্ন মিউনিখ ও লাৎসিওর মতো বড় ক্লাবগুলোতে খেললেও তার আসল মঞ্চ হয়ে ওঠে বিশ্বকাপ।
২০০২ বিশ্বকাপে ক্লোসার আবির্ভাব ছিল ঝড়ের মতো। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই করেন হ্যাটট্রিক, আর তিনটি গোলই আসে হেড থেকে। পুরো টুর্নামেন্টে পাঁচ গোল করে জার্মানিকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ব্রাজিলের কাছে হেরে শিরোপা অধরা থাকলেও তখনই বোঝা যায়, এই স্ট্রাইকার বড় মঞ্চের জন্যই তৈরি।
কিন্তু ক্লোসা কখনো নিজেকে বড় করে দেখেননি। বরং তার ভাষ্য ছিল, ‘আমি সব সময় কিছু মূল্যবোধ মেনে চলেছি, কারণ অনেক তরুণ আমাকে দেখছে। এটা আমার কাছে স্বাভাবিক। আমি ফেয়ার-প্লে পুরস্কার জিতেছি, কিন্তু সেটাই আমার স্বভাব, আমার চরিত্র। আমি যেমন, তেমনই— নিজেকে লুকানোর কোনো প্রয়োজন নেই।’
বিনয়ী ক্লোসার উদযাপন অবশ্য ছিল তার বিপরীত চরিত্রের ছোট একটি প্রকাশ। ‘সাল্টো’ নামে সুপরিচিতি হয়ে ওঠে সেই নিখুঁত ফ্রন্টফ্লিপ। কিন্তু সেটুকুই। গোল, আনন্দ, তারপর আবার শান্তভাবে ফিরে গিয়ে শিকারীর মতো ওৎ পেতে থাকা।
২০০৬ সালের আসর ছিল জার্মানির মাটিতে। চেনা আঙিনায় ক্লোসা হয়ে ওঠেন আরও পরিণত। উদ্বোধনী ম্যাচেই জোড়া গোল, তারপর ফের আসরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স। এবার পাঁচ গোল করে জিতে নেন গোল্ডেন বুটই। দল তৃতীয় হলেও তিনি ছিলেন সেই অভিযানের সামনে।
২০১০ বিশ্বকাপে বয়স দাঁড়ায় ৩২। অনেকের ধারণা ছিল, তার সময় শেষের পথে। কিন্তু ক্লোসা তো বিশ্বকাপ এলে নতুন করে জেগে ওঠেন! ইংল্যান্ডের বিপক্ষে গোল, আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল উদযাপন করে বড় ম্যাচে দেখান বড় পারফরম্যান্স। আবারও জার্মানি হয় তৃতীয়, আর ক্লোসা আরও চার গোল করে এগিয়ে যান ইতিহাসের দুয়ারে।
২০১৪ বিশ্বকাপে এসে ক্লোসা শুধু একজন অভিজ্ঞ খেলোয়াড় নন, ততদিনে পরিণত হয়েছিলেন এক জীবন্ত কিংবদন্তিতে। ঘানার বিপক্ষে গোল করে ছুঁয়ে ফেলেন রোনালদোর ১৫ গোলের রেকর্ড। আর ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক সেমিফাইনালে করা একটি গোল তাকে আলাদা করে জায়গা দেয় সবার থেকে উঁচুতে। প্রথম শট আটকে যাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় নিখুঁত সমাপ্তি, সব মিলিয়ে গোলটি ছিল পজিশনিং আর ঠাণ্ডা মাথার এক নিখুঁত উদাহরণ।
বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আগের তিন আসরে কাছ থেকে ফেরার ক্ষত ভুলে সেবার ক্লোসা পান পরম আকাঙ্ক্ষিত শিরোপার স্বাদ। জার্মানির জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন— একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্নের পূরণ। তার মন্তব্য ছিল, ‘দলের সাফল্যই আমার কাছে সবকিছুর ওপরে ছিল, এখনও আছে।’
ক্লোসা কখনোই চোখ ধাঁধানো ড্রিবলার ছিলেন না, না ছিলেন একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ছারখার করে দেওয়া কেউ। তার শক্তি ছিল অন্য জায়গায়— বক্সের ভেতরে নিখুঁত অবস্থান নেওয়া এবং সুযোগকে একবারেই কাজে লাগানো। প্রতিপক্ষের চোখ ফাঁকি দেওয়ার জন্য তার প্রয়োজন হতো না গতি বা ঝলক, বরং দরকার হতো সময়জ্ঞান আর ফুটবল-বুদ্ধি। আর হেডে গোল করার ক্ষমতা ছিল তার সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি।
ক্লোসা তাই এমন এক ব্যতিক্রমী চরিত্র যিনি দেখিয়েছেন, শ্রেষ্ঠত্ব মানে সব সময় আলোয় থাকা নয়। কখনো কখনো তা আসে নিঃশব্দে, সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে নিজের কাজটা নিখুঁতভাবে করে যাওয়ার মাধ্যমে।

