ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে হবিবুর রহমান ও তার মাকে মারধর করেন আসামিরা। পরে গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর মারা যান।

এ ঘটনায় নিহতের ভাগ্নি নুরুন্নাহার বাদী হয়ে ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

 

 

Related Articles

Latest Posts