বাণিজ্যযুদ্ধের কারণে টানাপোড়েনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, এ বছরের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে এসে হোয়াইট হাউসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
বার্তাসংস্থা এএফপির জানায়, বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প একই দিনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন। বাণিজ্য, তাইওয়ান, ইউক্রেনে-রাশিয়া যুদ্ধ এবং ইরানের পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে বিস্তৃত আলোচনা করেন তারা।
ওই সাক্ষাৎকারের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তিনি হোয়াইট হাউসে আসছেন—বছরের শেষের দিকে। দুটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এবং আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, শির সঙ্গে তার কথোপকথন ছিল ‘চমৎকার’ এবং দুই দেশই এই সম্পর্ক বজায় রাখার গুরুত্ব বোঝে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শি যুক্তরাষ্ট্র সফরে আসার আগে আগামী এপ্রিলে ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে শি বলেন, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা সম্ভব।
তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা গড়ে তুলে আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথ তৈরি করতে পারি।’
এএফপি জানায়, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে আসছেন ট্রাম্প। বিশেষ করে ইস্পাত ও গাড়ি শিল্পে তার কড়া শুল্ক আরোপ নীতি বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় সংলাপ শুরু করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় আপাতত বেইজিং অংশ নিতে রাজি হয়নি বলে জানিয়েছে এএফপি।

