যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগে ইরানে ৪ রাজনীতিক গ্রেপ্তার

সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে প্রভাবশালী সংস্কারপন্থী চার রাজনীতিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার।

সংবাদ মাধ্যম আল জাজিরা আজ সোমবার জানিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করাসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাত ও সোমবার ভোরে এসব গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যারা সম্প্রতি দেশটির ধর্মতান্ত্রিক ব্যবস্থার প্রকাশ্য সমালোচনা করেছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইরানের রিফর্মিস্টস ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। পরে রিফর্মিস্টস ফ্রন্টের মুখপাত্র জাভাদ ইমামকেও তার বাসা থেকে আটক করা হয় বলে জানান তাদের আইনজীবী হোজ্জাত কেরমানি।

বার্তা সংস্থা ইসনাকে কেরমানি বলেন, নিরাপত্তা বাহিনী বিচারিক আদেশের ভিত্তিতে এসব গ্রেপ্তার করেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনো স্পষ্ট নয়।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, অভিযুক্তরা ‘রাস্তায় সক্রিয় সহিংস গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন’।

ইরানের রিফর্মিস্টস ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা আজার মানসুরিকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে সংগঠনটির কো-চেয়ারম্যান মোহসেন আরমিন ও সম্পাদক বদরালসাদাত মোফিদিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে তলব করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা দমনে অভিযান চালিয়েছে ইরান সরকার। এরপর নতুন করে বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ গণগ্রেপ্তার ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এতে হাজারো মানুষ আটক হয়েছে।

ইরান সরকার অস্থিরতা ও সহিংসতার জন্য ‘দাঙ্গাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের’ দায়ী করছে এবং দাবি করছে, এসব কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন রয়েছে।

Related Articles

Latest Posts