ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির জন্য শুটিং চলছে।
১৬ সেকেন্ডের মোশন ফার্স্টলুকে দেখা যায়, শাকিব খানের মুখে দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস ও হাতে একদম ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক। কালো গাউন পরিহিত এই অ্যাকশন অবতারে সবার নজর কাড়ছেন তিনি।
আজ রোববার সিনেমাটির মোশন ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। চলতি বছরের অন্যতম বড় অ্যাকশন সিনেমা হিসেবে ‘প্রিন্স’কে দেখা হচ্ছে।
শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং সেখানে চলছে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
‘প্রিন্স’ সিনেমার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজসহ অনেকেই।
সিনেমার গল্প নিয়ে গুঞ্জন ছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর সিনেমা। তবে নির্মাতা জানিয়েছিলেন, তারা যে গল্প ‘প্রিন্স’ নির্মাণ করছেন, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি বড় আয়োজনের বাণিজ্যিক সিনেমা।

