তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার রাত ৮টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির জাতির সামনে সরাসরি তাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপনের আমন্ত্রণ জানান।

শফিকুর বলেন, বৈধতা অর্জনের একমাত্র মাধ্যম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তিনি আরও বলেন, জনআস্থা, স্বচ্ছতা ও বিশ্বাস অর্জন করতে না পারলে কোনো কিছুতেই ফল হবে না।

‘জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের দায়িত্ব হলো এটা প্রমাণ করা যে, রাজনীতি শালীন ও সংঘাতমুক্ত হতে পারে,’ উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির প্রস্তাব করেছেন, দুই নেতা যেন একসঙ্গে গণমাধ্যম ও জনগণের সামনে উপস্থিত হয়ে এমন শাসনব্যবস্থার উদাহরণ স্থাপন করেন, যা সমালোচনা গ্রহণ করবে, জবাবদিহিমূলক ও স্বচ্ছ হবে।

তারেক রহমানের সম্প্রতি ঘোষিত পরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান, যেখানে তারা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন এবং জনগণ মূল্যায়নের সুযোগ পাবে।

‘আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করব,’ যোগ করেন তিনি।

Related Articles

Latest Posts