ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে ‘হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি’ বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আলো জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যে আয়োজিত একটি সমাবেশে ট্রাম্প বলেন, ‘(ইরানের) নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে আমরা হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। কারণ, এখন আমরা জানিই না, আসলে কার সঙ্গে আমাদের আলোচনা করা উচিত।’

ওই সমাবেশে ট্রাম্প ইঙ্গিত দেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে যেতে বিভিন্ন সমস্যায় পড়ছে ওয়াশিংটন। ‘কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চান না’।

ঝুঁকির কারণে সম্ভাব্য প্রার্থীরা এ পদে বসতে চাইছেন না বলেও দাবি করেন ট্রাম্প।

ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন বলছে, ওহাইও এই জনসভায় ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের শীর্ষ পৃষ্ঠপোষক’ বলেও আখ্যা দেন।

তিনি দাবি করেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মার্কিন সামরিক অভিযানে ইরানের বিমান ও নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়েছে। ইরানের ১৫৯টি নৌযানের সবগুলোই ধ্বংস হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনে অনিশ্চয়তা আছে। দুইপক্ষের মধ্যে কোনো কার্যকর চুক্তি তখনই হবে, যখন ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমাতে সম্মত হবে।

Related Articles

Latest Posts