সম্প্রতি সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হচ্ছে। তবে এ পরিস্থিতির মধ্যেই রাশিয়া থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের আশ্বাস পাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম কমেছে।
বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৯টায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ১০৫ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৪৯ সেন্টে নেমে এসেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। একইসঙ্গে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
এ অবস্থায় রাশিয়া থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ বিশ্ববাজারে সংকট কিছুটা কমাতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো সরবরাহ সংকট। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা ও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হুতিদের হামলা অব্যাহত থাকার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
অনলাইনে আর্থিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, ‘রাশিয়া থেকে ডিজেল সরবরাহের আশ্বাসে বাজারে কিছুটা স্বস্তি দেখা দিলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলে তেলের দাম আবার বৃদ্ধির দিকেই যাবে।’

