রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থামলেন মাজ সাদাকাত। তবে তার বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮২ রানের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকেরা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে তারা।

সাদাকাতের ৫১ বলে ৯৬ ও অধিনায়ক সাহিবজাদা ফারহানের ৪৪ বলে ৭৩ রানের সুবাদে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১৫ রান তোলে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২১ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে ২০৮ রান।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন মিডিয়াম পেসার মোহাম্মদ ইমরান। রানের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

অবশ্য পাকিস্তানের রেকর্ড গড়া সংগ্রহের পেছনে শ্রীলঙ্কার ফিল্ডারদের অবদানও কম নয়। তিনটি ক্যাচ ছেড়েছেন তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে লঙ্কান বোলারদের ওপর চড়াও হন সাদাকাত ও ফারহান। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন দুজন।

ব্যক্তিগত ২ ও ১১ রানে দুবার জীবন পাওয়া ফারহান শেষ পর্যন্ত ৪৪ বলে ৭৩ রান করেন। পাঁচটি ছক্কা ও চারটি চারে সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটে ১৫তম ওভারে, দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে।

অন্য প্রান্তে ৪৪ রানে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাদাকাত এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন। হাসান নাওয়াজকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে মাত্র ৩১ বলে যোগ করেন ৭২ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে সাতটি ছক্কা ও ছয়টি চারে ৫১ বলে ৯৬ রান করেন তিনি। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার কীর্তিও গড়েন সাদাকাত। হাসান অপরাজিত থাকেন ১৯ রানে।

শেষ পাঁচ ওভারেই ৭০ রান তুলে ঘরের মাঠে নিজেদের আগের সর্বোচ্চ সংগ্রহ ছাড়িয়ে যায় পাকিস্তান।

২১৬ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। নিয়মিত উইকেট হারানোয় ম্যাচে ফেরার মতো কোনো জুটিই গড়ে তুলতে পারেনি সফরকারীরা। কামিন্দু মেন্ডিস ২৩ ও সিনেথ জয়াবর্ধনে ২২ রান করেন। শেষ দিকে চামিন্দু বিক্রমাসিংহের ২৯ এবং মহীশ তিকশানার অপরাজিত ৩২ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

 

Related Articles

Latest Posts