যুক্তরাষ্ট্রের দুই রাজ্যের আবাসিক এলাকায় পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
পেনসিলভানিয়ার ইরি শহর ও জর্জিয়ার ডগলাসে এসব ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরের একটি বাড়িতে শুক্রবার ৪৫ বয়সী এক বন্দুকধারী হামলা চালান। এতে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত বন্দুকধারী নিজেকে গুলি করে হত্যা করেন।
ইরি শহরের পুলিশ প্রধান রিক লোরা জানান, নিহতদের ৮ জনই এক পরিবারের সদস্য। অপরজন তাদের পারিবারিক বন্ধু ছিলেন।
তিনি জানান, বন্দুকধারী ঘরে ঢুকে তাণ্ডব চালানোর পর বাইরে এসে আরও দুই নারীকে গুলি করেন। ওই দুই নারী ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের সহায়তা চাওয়ার চেষ্টা করছিলেন।
বাড়ির দ্বিতীয় তলা থেকে অভিযুক্ত বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।
এদিকে, জর্জিয়ার ডগলাস শহরের একটি আবাসিক ভবনে শুক্রবার রাতে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে হামলায় কারা জড়িত ছিল সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

