ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা নাটক বা সিরিজের পুরস্কার জিতেছে হইচইয়ের অরিজিনাল ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’।
আজ শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ পুরস্কার দেওয়া হয়।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজটির কেন্দ্রীয় চরিত্রটি এক খামখেয়ালি ট্রাকচালকের। চরিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সফরের মধ্য দিয়ে উঠে এসেছে ভালোবাসা, সম্পর্ক, পরকীয়া ও নানা পরিণতির জটিল গল্প।
‘মহানগর’ ও ‘মোবারকনামা’য় তীব্র নাটকীয় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মোশাররফ করিম এবার অভিনয় করেছেন ব্যতিক্রমী এক কৌতুক চরিত্রে। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
সেরা সিরিজের পুরস্কারের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘বোহেমিয়ান ঘোড়া’। এর মধ্যে রয়েছে সেরা অভিনেতা বিভাগে মোশাররফ করিম, সেরা পরিচালক বিভাগে অমিতাভ রেজা চৌধুরী, সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে রুনা খান এবং সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে রাকিব হোসেন ইভন।
সিরিজটির ভাবনা তুলে ধরে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, হাস্যরস ও সড়কযাত্রার নাটকীয়তার মধ্য দিয়ে মানুষের সত্য অনুসন্ধানই এই সিরিজের মূল বিষয়।
তিনি বলেন, ‘আমি সিনেমার মাধ্যমে সত্যের সন্ধান করার চেষ্টা করি। ‘বোহেমিয়ান ঘোড়া’ নির্মাণের মধ্য দিয়ে সত্যের একটি রূপ তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের দেখার বিষয়।’

