রাশিয়ার হামলায় ইউক্রেনে ২ বাসে আগুন, নিহত ৩৩

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

চলতি বছরে ইউক্রেনে একক কোনো হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সিএনএন আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে এ হামলা হয়। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, হামলায় দুটি বাস ও আশপাশের এলাকায় আগুন ধরে যায়।

দোনেৎস্কের পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারকাজ শুরুর পর দ্বিতীয়বার ড্রোন হামলা চালায় রাশিয়া। 

দোনেৎস্কের প্রাদেশিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন বলেন, ‘রুশরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের কাছে যাত্রীবাহী বাস খুবই আকর্ষণীয় লক্ষ্যবস্তু, কারণ একটি হামলাতেই অনেক মানুষকে হত্যা করা যায়।’

হামলার পর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরে গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দোনেৎস্কে থাকা সবাইকে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত জুলাইয়ে রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মোট ৩৩ জন নিহত হয়েছিলেন। তবে আজকের ঘটনাটি এ বছর একক হামলায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

Related Articles

Latest Posts