দেশের সব মানুষকে নিরাপদ পানি পৌঁছে দিতে নতুন প্রকল্পের পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের সব মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমরা যাতে নিরাপদ পানি পৌঁছে দিতে পারি।’

তিনি উল্লেখ করেন, উজানে নদীর পানি প্রত্যাহার করা হচ্ছে। যে কারণে আমাদের উত্তরের জেলাগুলো শুষ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ মরুভূমিজনিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আবার এই কারণে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে।

‘এ সমস্ত বিষয় বিবেচনা করে আমাদের দায়িত্ব, মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া,’ যোগ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, বৈঠকে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও ওয়াটার এইডের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, ‘সমন্বিতভাবে আমরা পরিকল্পনা করার চেষ্টা করছি।’

অর্থায়নের ব্যাপারে জানতে চাইলে মঈন খান জানান, ইউনিসেফ ছাড়াও বিভিন্ন সংস্থাগুলো মিলিয়ে প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

Related Articles

Latest Posts