‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের এমন বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা মামলার তদন্তে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে যান ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি ওই বক্তব্য দেন বলে জানা গেছে। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন।
ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখিই তো কিছু বটে! আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মুকাররমের ইমাম সাহেব হবো? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
এ বিষয়ে জানতে এএসআই ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’
এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে এক শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে গিয়ে বিবাদীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। পরে বাদীকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি ও প্রাণনাশের ভয় দেখানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মাধ্যমে আমিও বিষয়টি জেনেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

