খুলনায় ৫০ দিনের মাথায় ছেলের পর বাবাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মাস দেড়েক আগে তার ছেলে জয় ঢালীকেও কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্জনী মহল এলাকায় ঢালী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, চারটি মোটরসাইকেলে করে সাত-আটজন বাড়ির সামনে এসে আক্তার ঢালীকে গুলি করে চলে যায়।

খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা আক্তার ঢালীকে গুলি করে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।’

পুলিশ সুপার জানান, অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল। ওই ঘটনাটি ঘটেছিল উপজেলার আইচগাতী এলাকায়।

তখন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানিয়েছিলেন, জয় ঢালীর বিরুদ্ধে রূপসা থানায় বেশ কয়েকটি মামলা ছিল।

ওই ঘটনায় পরে নিহত জয়ের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন।

Related Articles

Latest Posts