এ মাসের শেষ নাগাদ কিয়েভ-মস্কো-ওয়াশিংটন বৈঠক

সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে আলোচনার আয়োজন করাতে চায় যুক্তরাষ্ট্র। অক্টোবরের শেষ নাগাদ এই বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশটির।

আজ রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে ওয়াশিংটনের মনোযোগ সরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়ে। অপরদিকে ইউক্রেন বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিমান হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

আজ রোববার সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘মার্কিন পক্ষ বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। অক্টোবরের শেষ নাগাদ তিন পক্ষের অংশগ্রহণে কারিগরি পর্যায়ের একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।’

শান্তি আলোচনায় যেসব মার্কিন কর্মকর্তা অংশ নেবেন, তাদের সঙ্গে শনিবার কথা বলেছেন উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমি তাদের নিশ্চিত করেছি, এই সময়সূচিতে আমরা সম্মত।’

তবে, বৈঠকটি কোথায় হবে, তা জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বা মার্কিন পক্ষের প্রস্তাবিত অন্য কোনো দেশে বৈঠক আয়োজনে ইউক্রেনের আপত্তি নেই।’

এর আগে রুশ আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত।

গত মাসে ক্রেমলিন জানিয়েছিল, যুদ্ধের অবসানে অক্টোবরে তিনপক্ষের মধ্যে আলোচনা হতে পারে। সে সময় রুশ সংবাদ সংস্থা রিয়া ও তাসের প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বলা হয়, ‘আমরা এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা নিকট ভবিষ্যতের কথা বলছি।’

আগের দফার আলোচনাগুলোতে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যুদ্ধ বন্ধে নিজেদের কঠোর শর্ত থেকে সরে আসতে রাজি হয়নি মস্কো।

Related Articles

Latest Posts