কুড়িগ্রামে নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু (৩৫) উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইসলামপুর গ্রামে তিন নৃত্যশিল্পীকে ডেকে আনা হয়। পরে ২৯ সেপ্টেম্বর দুইজন চলে যান এবং ভুক্তভোগীকে আটকে রাখা হয়। পরে মোখলেছুর, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া তাকে ধর্ষণ করেন। অভিযুক্তরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সেসময় ভুক্তভোগীর সাড়ে ৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ওসি আজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বাকি চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

ভুক্তভোগীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Latest Posts