মানিকগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খালে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

তার ফুপু পারভীন আক্তার জানান, আনোয়ার কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন এবং সেখানেই সপরিবারে বসবাস করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

‘দুদিন আগে সপরিবারে তারা গ্রামে আসে। সকালে হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় এলাকায় গিয়ে আনিসা ডুবে যায়। আরেক শিশু বিষয়টি তার বাড়িতে জানায়,’ বলেন পারভীন।

আনোয়ারের ভাই জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে আনিসাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা (এমও) প্রীতম দে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু হয়েছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts