গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেলেও ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আরও বলেন, দোসরদের ঝটিকা মিছিল ও বোমা ফাটানোর ঘটনায় সারা দেশের মানুষ উদ্বিগ্ন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
গয়েশ্বর বলেন, ‘ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে বসবাস করছে। আমরা হঠাৎ মাঝে মাঝে তার কিছু কিছু আলামত দেখছি। জনজীবন অস্থিতিশীল করা, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায় কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ও বোমা ফাটানোর মতো ঘটনা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে।’
বিএনপির সব স্তরের নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। সরকার জানমালের নিরাপত্তায় সক্রিয় অবস্থান নেবে।’
গয়েশ্বর আরও বলেন, ‘ফ্যাসিবাদের যেসব দোসর গোপনে নানা ধরনের কর্মকাণ্ডে, নাশকতায় ব্যস্ত—প্রশাসনের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা, বিচারের সম্মুখীন করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’

