কুড়িগ্রামে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

এর কয়েক ঘণ্টা পর তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উলিপুর উপজেলা বিএনপি। আফজাল উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে পুরোনো অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করা হয়।

‘৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে,’ বলেন তিনি।

গত রাতেই আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি দিয়ে চিঠি পাঠিয়েছে উলিপুর উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ।

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তারিক বলেন, এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। 

তাদের দাবি, আফজাল দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

Related Articles

Latest Posts