আ. লীগকে ফেরাতে সরকারের ভেতরের একটি অংশ ইন্ধন দিচ্ছে: পরওয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে সরকারের ভেতরের একটি অংশ ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দুই দিনব্যাপী জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের অভ্যন্তরের একটি অংশ, প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ইন্ধন দিচ্ছে—এ অভিযোগ আমি পরিষ্কারভাবে করতে চাই।’

তিনি বলেন, ‘একটি দেশে সরকার, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসন থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ একটি দল রাজধানীর গুলশান, ধানমন্ডিসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল করছে, এটি কোনোভাবেই সরকারের নজরের বাইরে থাকার কথা নয়।’

‘সরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টেলিজেন্স—কেউ কোনো খবর রাখবে না, কিছুই জানবে না, এটা হতে পারে না। তাদের ইশারা-ইঙ্গিত ছাড়া কার্যক্রম নিষিদ্ধ একটি দল সারাদেশে মিছিল করতে পারে না,’ বলেন তিনি।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত, দেশ থেকে পালানো খুনি শেখ হাসিনা দিল্লিতে বসে ডিজিটাল প্রযুক্তি ও মিডিয়া ব্যবহার করে বক্তব্য দিয়ে দেশের নিরাপত্তা সংকটে ফেলছেন। তিনি ওখান থেকে যে সাপোর্ট পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকি।’

তিনি বলেন, ‘দিল্লির সরকারই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। তাছাড়া দেশের অভ্যন্তরে কোনো নিরাপত্তার হুমকি আমরা দেখি না।’

‘হাসিনাকে নিয়ে প্রতিবেশী দেশ যা করছে, আমি মনে করি স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তা অনৈতিক,’ যোগ করেন তিনি।

দেশের জ্বালানি সংকট ও এ বিষয়ে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধীদল সরকারের কাছে ৩৮টি লিখিত প্রস্তাব দিয়েছিল। কিন্তু সরকার এর একটিও গ্রহণ করেনি।’

তিনি বলেন, ‘বিরোধী দল একটি অলিখিত ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল। কিন্তু তাদের কোনো মতামতই সরকার গ্রহণ করেনি। হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আমরা মহানগর ও শহরগুলোতে প্রতিবাদী মিছিল করেছি এবং সরকারের কাছে আমাদের অবস্থান জানিয়েছি।’

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী অকৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ হলো বিএনপি। তারা ২০০১ সালে জামায়াতের সহযোগিতা না পেলে সরকার গঠন করতে পারত না। কিন্তু তারা জামায়াতকে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’

তার দাবি, ‘জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী টাকা পাচার করে না, দুর্নীতি করে না। বিরোধী দল সম্পর্কে বিএনপির কিছু বলার মতো না থাকায় তারা মিথ্যা বিদ্বেষ ছড়ায়।’

গোলাম পরওয়ার বলেন, ‘তারা যে দুর্নীতি করছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের দখল ও চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আলী আজম মোহাম্মদ আবু বকর ও কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts