চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল এই অভিযান চালায়। এ সময় দুটি ট্রাক থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত কার্গো ট্রলারে সার ওঠানো হচ্ছিল।
কোস্টগার্ডের দলটি সেখান থেকে ৬০০ বস্তা ইউরিয়া জব্দ করে, যার মোট ওজন ৩০ টন। এই সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। সার পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সন্দেহভাজন দুই চোরাকারবারিকে আটক করা হয়।

