আসন্ন ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য স্কোয়াডে ডাক পাওয়া নতুন মুখগুলো দলের গভীরতা বাড়াবে এবং মূল একাদশে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে বলে মনে করেন মিডফিল্ডার শমিত শোম।
গতকাল সোমবার ইন্দোনেশিয়ায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর এক ভিডিও বার্তায় শমিত বলেন, ‘দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। প্রথমবার তাদের সঙ্গে দেখা হওয়া এবং অনুশীলন করাটা দারুণ অভিজ্ঞতা ছিল। আমি সত্যিই খুব মুগ্ধ। প্রত্যেকেই দলের জন্য মূল্যবান কিছু সাথে করে নিয়ে এসেছে। এটি আমাদের স্কোয়াডের উন্নতি ঘটাবে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে দেবে।’
তিনি যোগ করেন, ‘আমি আশাবাদী এটি আমাদের দলকে আরও ভালো করে তুলবে। নতুন সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগছে। আর আমাদের সবার লক্ষ্য ঠিক একই— ভালো খেলা, ম্যাচ জেতা এবং বাংলাদেশের হয়ে সাফল্য অর্জন করা।’
প্রধান কোচ থমাস ডুলির অধীনে নতুন রূপ পাওয়া বাংলাদেশের স্কোয়াডে শমিত, হামজা চৌধুরী, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররা আগে থেকেই ছিলেন। এবার তাদের সঙ্গে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আরও তিন প্রবাসী ফুটবলার— ডিফেন্ডার জিদান ইউসুফ, ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার শুকি ইতোফুসা।
২৯ বছর বয়সী শমিত ফিফার এই নতুন টুর্নামেন্টকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন, ‘এটি একটি বড় টুর্নামেন্ট, ফিফার ইভেন্ট। তাই উচ্চতর পর্যায়ে আমরাও যে লড়াই করতে পারি, তা প্রমাণের জন্য বাংলাদেশের সামনে এটি দারুণ এক সুযোগ। আমি আত্মবিশ্বাসী যে, আমরা ভালো করতে পারব এবং শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারব।’
ক্লাব পর্যায়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে খেলা শমিত আরও বলেন, ‘এখন আমাদের মনোযোগ শুধুই প্রস্তুতির দিকে। আগামী দুই দিন আমরা প্রস্তুত হব, বিশ্রাম নেব, হোটেলে রাতে ভালো ঘুম দেব এবং তারপর আবার মাঠে নামব।’
আসিয়ান কাপ শুরুর মাত্র তিন দিন আগে দলে যোগ দিলেও নতুন কোচ ডুলির অধীনে দলের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট এই ফুটবলার, ‘কয়েক মাস দূরে থাকার পর সবার সঙ্গে আবার খেলতে পেরে দারুণ লাগছে। দলকে অনেক ধারালো দেখাচ্ছে এবং অনুশীলনও খুব ভালো হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের প্রস্তুতি বেশ পোক্ত হয়েছে।’
আগামী ২৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ দল। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।
শমিতের সঙ্গে একই দিনে সোহেল রানা জুনিয়র ক্যাম্পে যোগ দেওয়ায় পুরো স্কোয়াডকে একসঙ্গে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমেরিকান কোচ ডুলি, ‘সবাই অবশেষে এখানে পৌঁছানোয় আমি খুব খুশি। (শেখ) মোরসালিনের গোড়ালির ওপরের মাংসপেশিতে এখনও কিছুটা সমস্যা রয়েছে। আশা করছি, আজ (মঙ্গলবার) রাতে ওর স্ক্যান রিপোর্ট পেয়ে যাব এবং কাল সে অনুশীলন করতে পারবে। এছাড়া, সবাইকে একসঙ্গে পেয়ে এবং অনুশীলন করাতে পেরে আমি আনন্দিত।’

