মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনয় করেছেন কয়েকটি সিনেমায়। ‘মিশন এক্সট্রিম’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর সর্বশেষ তাকে দেখা গেছে ‘নূর’ সিনেমায়।
এবার প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘সোলজার’ সিনেমায়। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি, শিগগিরই শুরু হবে নতুন ধাপের কাজ। সিনেমাটির চরিত্রের জন্য ওজনও বাড়াচ্ছেন ঐশী।
‘সোলজার’ সিনেমার শুটিং কেমন চলছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকটা শুটিং হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে। শিগগিরই আবার শুটিং শুরু হবে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি, ওজনও বাড়াতে হচ্ছে।
সিনেমাটির সিনেমাটোগ্রাফার খসরুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তার ভাষ্য, খসরুর সঙ্গে প্রায় সাত বছর পর কাজ করছি। তিনি খুব ভালো ও সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে কাজ করে ভালো লাগছে।
শাকিব খানের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে ঐশী বলেন, হ্যাঁ। এর আগে পরিচয় ছিল না। প্রথম দিন সেটে গিয়ে দেখি, তিনি ‘সোলজার’ লুকে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে। এরপর সরাসরি শুটিং করি।
‘শুটিংয়ের পর শাকিব ভাই আমার সঙ্গে কথা বলেছেন, কাজ নিয়ে পরামর্শ দিয়েছেন। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতাপরায়ণ,’ যোগ করেন তিনি।

সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে ঐশী জবাব দেন, প্রত্যাশা তো আছেই। শাকিব খান দেশের বড় তারকা, তার অনেক দর্শক। পরিচালকও ভালোভাবে কাজ করছেন। আমার চরিত্রেও অভিনয়ের সুযোগ আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে। মনে করি, ‘সোলজার’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১০ দিন তার সঙ্গে শুটিং করেছি। তিনি খুব পেশাদার এবং সিনেমা নিয়ে ভীষণ মনোযোগী। সেটে থাকলে সব সময় সিনেমা নিয়েই ভাবেন। অভিজ্ঞতাটা ভালো।’

অভিনয়ের প্রতি আগ্রহ নিয়ে এই অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই সিনেমা দেখতাম এবং অভিনেত্রীদের অভিনয় ভালো লাগত। মনে হতো, বড় হয়ে আমিও অভিনয় করব। পরে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সেই স্বপ্ন আরও দৃঢ় হয়।
ঐশীর ভাষ্য, চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববেন।
‘পরিবার সব সময় পাশে ছিল। তাদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন তিনি।

সিনেমা নিয়ে স্বপ্নের কথা জানাতে ঐশী জানান, ভালো চরিত্রে অভিনয় করতে চাই, ভালো সিনেমার অংশ হতে চাই। এটাই আমার মূল স্বপ্ন।
নিজের অবসর সময় নিয়ে এই অভিনেত্রী বলেন, নিজের ও পরিবারের জন্য সময় রাখি। বেশির ভাগ সময় বাসাতেই থাকি। সিনেমা দেখি, বই পড়ি। এখন হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ পড়ছি।

