চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়াকে তিন বছরের জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানিয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইদ্রিস মিয়া। এর আগে, তিনি পটিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরকার আরও দুজন বিএনপি নেতাকে নিয়োগ দেওয়ার পর তার এই নিয়োগের বিষয়টি সামনে এলো।

এর আগে, গত জুনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

জুলাইয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যোগাযোগ করা হলে ইদ্রিস মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ওয়াসার চেয়ারম্যান সার্বক্ষণিক দায়িত্বের পদ নয়। এমডিকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। আমাকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এতে আমার দলীয় কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

Related Articles

Latest Posts