চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামে অনলাইন প্রতারণা ও জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ।

পুলিশ জানায়, অনলাইন প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রতারণার ধরন কী ছিল বা অভিযুক্তরা কীভাবে এসব প্রতারণা করতেন, তা এখনো জানা যায়নি।

গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের একজন, ভিয়েতনামের একজন ও চীনের পাঁচজন রয়েছেন। এছাড়া, তাদের সঙ্গে একটি শিশুও ছিল। গ্রেপ্তারদের মধ্যে ২০ জন নারী।

Related Articles

Latest Posts