২২ বছর ১৪৮ দিন: দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড টেইলরের

হারারেতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ব্রেন্ডন টেইলর। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হলেন জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার।

ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার টেইলরের ওডিআই ক্যারিয়ারের বয়স এখন ২২ বছর ১৪৮ দিন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন টেন্ডুলকারকে। ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর আগে লিটল মাস্টার খ্যাত তারকা ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ার ছিল ২২ বছর ৯১ দিনের।

অবশ্য ওয়ানডে সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি রান (১৮,৪২৬) এবং সবচেয়ে বেশি ম্যাচ (৪৬৩) খেলার রেকর্ড দুটি এখনও টেন্ডুলকারের দখলেই রয়েছে। তবে তার ৪৯টি সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে নিজের করে নিয়েছেন ভারতেরই আরেক কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (৫৪টি)।

৪০ বছর বয়সী টেইলর ২০০৪ সালের ২০ এপ্রিল জিম্বাবুয়ের অন্যতম সেরা প্রতিভা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। সেদিন বুলাওয়ায়োতে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। অজিদের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত ২০৭টি ওয়ানডে খেলেছেন টেইলর। দেশের হয়ে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির কীর্তির মালিক তিনি। ৩৫.২৮ গড়ে করেছেন ৬,৭০৪ রান। ওডিআই ক্রিকেটে জিম্বাবুয়ের জার্সিতে তার চেয়ে বেশি রান আছে কেবল সাবেক তারকা অ্যান্ডি ফ্লাওয়ারের (৬,৭৮৬)।

Brendan Taylor breaks Sachin Tendulkar’s record for the longest career in men’s ODIs  pic.twitter.com/1Z9vRinCQy

এর আগে ২০২১ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেইলর। পরে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিংবিরোধী বিধি ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সাজার মেয়াদ শেষে গত বছর অবসর ভেঙে আবারও মাঠে ফেরেন তিনি।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। মূলত সেই টুর্নামেন্টকে সামনে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই তারকা ব্যাটার।

দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের তালিকার সেরা দশে আছেন বাংলাদেশেরও একজন— মুশফিকুর রহিম। তার অবস্থান ঠিক দশ নম্বরে। গত বছরের মার্চে এই সংস্করণ থেকে অবসর নেওয়া মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১৮ বছর ২০২ দিনের।

Related Articles

Latest Posts