কাকে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আইরিশ-অস্ট্রেলীয় বিনিয়োগ ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ। পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ সাময়িকী ট্যাটলারের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

৫২ বছর বয়সী জেমিমা একজন পুরস্কারজয়ী চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক। তার স্বামী ক্যামেরন ও’রাইলির বয়স ৬২ বছর।

প্রতিবেদনে বলা হয়, জেমিমার বিয়ের খবর প্রথম জানান তার ভাইয়ের স্ত্রী জেমিমা জোন্স। ইনস্টাগ্রামে স্বামী বেন গোল্ডস্মিথের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, তাদের জন্য একটি আনন্দের দিন।

জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয় চলচ্চিত্র ও তথ্যচিত্র নিয়ে কাজ করতে গিয়ে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। চলতি বছরের শুরুর দিকে উইম্বলডনের একটি খেলায়ও তাদের একসঙ্গে দেখা যায়।

জানা গেছে, জেমিমা লন্ডনে নিজের বাড়িতে এবং ক্যামেরন সুইজারল্যান্ডে থাকেন।

৬২ বছর বয়সী ক্যামেরন ও’রাইলি প্রয়াত আইরিশ মিডিয়া ব্যবসায়ী ও সাবেক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তিনি।

কর্মজীবনের শুরুতে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসে কাজ করেন ক্যামেরন। পরে ব্যবসা ও প্রাইভেট ইকুইটি খাতে যুক্ত হন। ২০০৩ সালে তিনি বেইয়ার্ড ক্যাপিটাল নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রযুক্তি, অবকাঠামো ও স্মার্ট-মিটারিং ব্যবসায় বিনিয়োগ করত প্রতিষ্ঠানটি।

২০১১ সালে বেইয়ার্ড ক্যাপিটাল জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবার কাছে বিক্রি করা হয়। ওই সময় চুক্তিটির মূল্য ছিল প্রায় ২৩০ কোটি ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ক্যামেরন গণমাধ্যম ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠান এপিএন নিউজ অ্যান্ড মিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটির বর্তমান নাম এআরএন মিডিয়া।

ব্যবসার পাশাপাশি বিনোদন জগতেও কাজ করেছেন ক্যামেরন। চলচ্চিত্র ও তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। আর চলচ্চিত্র নিয়ে কাজ করতে গিয়েই জেমিমার সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গেছে।
ক্যামেরনের আগের সংসার

জেমিমার আগে ক্যামেরন বিয়ে করেছিলেন ইলসে ও’রাইলিকে। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয় বলে জানা গেছে। আগের সংসারে ক্যামেরনের চার সন্তান রয়েছে।

জেমিমা গোল্ডস্মিথ চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত। তার কাজের মধ্যে রয়েছে দ্য ক্লিনটন অ্যাফেয়ার ও ইমপিচমেন্ট: আমেরিকান ক্রাইম স্টোরি। দুটি কাজই এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ২০২২ সালে তার প্রযোজিত হোয়াট’স লাভ গট টু ডু উইদ ইট? সিনেমাটি যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে চারটি পুরস্কার পায়।

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটার ইমরান খানের সঙ্গে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জেমিমার। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে সোলায়মান ও কাসিম খান।

বিচ্ছেদের ২২ বছর পরও ইমরান খানের সঙ্গে জেমিমার যোগাযোগ ও তার প্রতি সমর্থনের বিষয়টি বিভিন্ন সময়ে সামনে এসেছে। সম্প্রতি ইমরানের কারাবাস ও তার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন জেমিমা। গত মাসে ব্রিটিশ সরকারের প্রতি ইমরানের বিষয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি পরিস্থিতিকে ‘মানবাধিকার সংকট’ হিসেবে উল্লেখ করেন। ইমরানের স্বাস্থ্য, একাকীত্ব এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ছেলেদের সঙ্গে লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে গিয়েও ইমরানের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন জেমিমা।

Related Articles

Latest Posts