বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী ফরিদ আহমদকে মোবাইল ফোনে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। হুমকিদাতাকে দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার আরএফইডির এক বিবৃতিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর রাতে অপরিচিত নম্বর থেকে কাজী ফরিদ আহমদের মোবাইল ফোনে কল করে হুমকি দেওয়া হয়। নিজের পরিচয় গোপন রেখে কাজী ফরিদকে তার কর্মস্থলে যেতে নিষেধ করা হয়। অন্যথা হলে তার মারাত্মক ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছেন কাজী ফরিদ ও তার পরিবার। বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদ আহমদকে দেওয়া এই হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা।
যৌথ এক বিবৃতিতে তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এটি শুধু এক ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দেশের সব স্তরের গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের ভীতি ও প্রতিবন্ধকতা তৈরি করে। ভয়ভীতি দেখিয়ে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারবে না।
অবিলম্বে প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে আরএফইডি। পাশাপাশি কাজী ফরিদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সংগঠনটির নেতারা।

