পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ২ ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত তিন শিশু হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুই শিশু পানিতে ডুবে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ৩ শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।

