মিয়ানমারে সার পাচার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৫ টন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে কোস্টগার্ড।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। সেসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩টি ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।
অভিযানে ৭০০ বস্তায় থাকা ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। সার পরিবহনে ব্যবহৃত ট্রাক ৩টিও জব্দ করা হয় বলে জানান সাব্বির আলম সুজন।
জব্দ সার, ট্রাক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

