বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

বজ্রপাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন ছড়িয়ে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘বজ্রপাত থেকে মন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের বাইরে থাকা গ্যাস রাইজারে বিকট শব্দে আগুন ধরে যায়। বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে ফোন পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ঘটনার পর স্থানীয় গ্যাস অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি মেরামত করেন বলেও জানান তিনি।

Related Articles

Latest Posts