পেঁয়াজ ব্যবসায়ীকে ‘কুপিয়ে’ হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় এক পেঁয়াজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খেতুপাড়া ইউনিয়নের ডেঙ্গা মাছগ্রাম এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুল আজিজ পেশায় পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি আজিজ। মঙ্গলবার সকালে ডেঙ্গা মাছগ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাইয়ের ছেলে মো. আবদুস সালাম বলেন, ‘আমার চাচা অবিবাহিত ছিলেন এবং বাড়িতে একা থাকতেন। তিনি সাধারণ পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। কে বা কারা কেন তাকে এভাবে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।’

ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Latest Posts