এশিয়ান গেমসে ক্রিকেট দলের কোচের নাম জানাল ভারত

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তার সহকারী হিসেবে থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কানিতকার ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।

ভারতের নারী দলের দায়িত্বে অবশ্য থাকছেন নিয়মিত কোচিং স্টাফরাই। প্রধান কোচ অমল মজুমদার, বোলিং কোচ আবিষ্কার সালভি ও ফিল্ডিং কোচ মুনিশ বালি এই দলের দেখভাল করবেন।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে দুই দলের কোচদের নাম জানানো হয়েছে।

মূলত সূচির সংঘাতের কারণেই পুরুষ দলের জন্য আলাদা কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে ভারত। এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি মিশন আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) একই সময়ে পড়ে গেছে। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়া ভারত আগামী ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে নিজেদের আসর শুরু করবে। তাই গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নিয়মিত কোচিং স্টাফরা ওয়ানডে দলের সঙ্গে ভারতেই অবস্থান করবেন।

সবশেষ ২০২২ সালের এশিয়ান গেমসেও সোনাজয়ী ভারতের পুরুষ দলের কোচিং স্টাফের অংশ ছিলেন সাবেক তারকা ব্যাটার লক্ষ্মণ। চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ ছিলেন তিনি। মূলত ২০২২ সাল থেকে যখনই মূল কোচিং স্টাফরা অন্য সিরিজে ব্যস্ত থাকেন, তখনই ভারতের বয়সভিত্তিক বা দ্বিতীয় সারির দলের দায়িত্ব সামলেছেন তিনি।

এবার এশিয়ান গেমসে পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে আছেন তিলক বর্মা। জসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর মতো তারকারাও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, ২০২২ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতের নারী দলকে যথারীতি নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন স্মৃতি মান্ধানা।

Related Articles

Latest Posts