দেশের অটোমোটিভ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার টানা দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসের (আইএমএফএ) মনোনয়ন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা সাইফ সরোয়ার ফিল্মসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তার চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য মেশিন’ এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে ‘গো বিয়ন্ড’ চলচ্চিত্রের জন্য আইএমএফএ’তে মনোনয়ন পান সাইফ।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রথম বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি আন্তর্জাতিক এই অটোমোটিভ চলচ্চিত্র পুরস্কারে মনোনয়ন পান।
বিখ্যাত জার্মান গাড়ি পোরশে ৭১৮ বক্সস্টারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বিয়ন্ড দ্য মেশিন’ চলচ্চিত্রটি।
সাইফ বলেন, অটোমোটিভ চলচ্চিত্র শুধু একটি গাড়ি দেখানোর বিষয় নয়। প্রতিটি দৃশ্যের পেছনে থাকে নির্মাতার ভাবনা, সৃজনশীলতা, পরিশ্রম ও ভালোবাসা, যা শেষ পর্যন্ত দর্শকের চোখে একটি গাড়িকে নতুনভাবে তুলে ধরে।
টানা দুইবারের এই মনোনয়ন সাইফকে বিশ্বের পরিচিত অটোমোটিভ ও বিনোদনমাধ্যমের নির্মাতা ও প্রযোজনার সঙ্গে একই মঞ্চে নিয়ে এসেছে। এই তালিকায় রয়েছে হ্যাগার্টি, টপ গিয়ার, রেড বুল ও কার ম্যাগাজিন এর যুক্ত নির্মাতা ও প্রযোজনা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইএমএফএ ২০২৬-এর মনোনয়ন তালিকায় রয়েছে বেশ কয়েকটি আলোচিত হলিউডের চলচ্চিত্র ও কয়েকজন তারকা। এর মধ্যে আছে বার্ট লেটন পরিচালিত ‘ক্রাইম ১০১’, যেখানে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, মার্ক রাফালো ও হ্যালি বেরি। রয়েছে এডগার রাইট পরিচালিত ‘দ্য রানিং ম্যান’, অভিনয়ে গ্লেন পাওয়েল, জশ ব্রোলিন ও কোলম্যান ডোমিঙ্গো। এছাড়া জোয়াকিম রনিং পরিচালিত ‘ট্রন: এরিস’-এ অভিনয় করেছেন জ্যারেড লেটো, জেফ ব্রিজেস, গ্রেটা লি ও ইভান পিটার্স।

