বগুড়ায় চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে

বগুড়ায় চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বগুড়া সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দীক ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিন বয়।

ওসি দুলাল উদ্দিন বলেন, আবু বক্করকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গতকাল বিকেলে ওই নারী রেলওয়ে থানায় আবু বক্করের বিরুদ্ধে ধর্ষণ এবং পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।

এজাহারের বরাতে ওসি দুলাল উদ্দিন বলেন, সোমবার ওই নারী কুড়িগ্রাম এক্সপ্রেসে ঢাকা থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। সেসময় মাদক আছে সন্দেহে পুলিশের দুই সদস্য তাকে ক্যান্টিনে নিয়ে যান। সেখানে তাকে শ্লীলতাহানি করেন পুলিশের ওই দুই সদস্য। পরে পুলিশ চলে গেলে রাত ১টার দিকে ওই নারীকে ধর্ষণ করে ক্যান্টিন বয় আবু বক্কর। পরে চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন।

‘পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে,’ বলেন তিনি।

অভিযুক্ত পুলিশের দুই সদস্যের বিষয়ে জানতে চাইলে দুলাল উদ্দিন বলেন, আমরা এখনো তাদের নাম জানতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Latest Posts