হুলিয়ান আলভারেজকে নিতে ভীষণ আগ্রহী বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডও বার্সায় যেতে মুখিয়ে। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ কোনোভাবেই তাকে লা লিগার অন্য কোনো দলের হাতে তুলে দিতে রাজি নয়। ফলে দলবদলের বাজারে তৈরি হয়েছে বহু জল্পনা-কল্পনা। এসব টানাপোড়েনের মাঝেই অ্যাতলেতিকোর হয়ে অনুশীলনে ফিরেছেন আলভারেজ।
গত সপ্তাহের শেষদিকে টানা তিনটি দলীয় অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন আলভারেজ। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, তিনি কিছুটা অসুস্থ। গত শুক্রবার বিকালে মাহাদাহোন্দায় একা একা অনুশীলন করেন তিনি। এরপর রোববার যোগ দিয়েছেন মূল দলের সঙ্গে। মাঝে শনিবার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে অ্যাতলেতিকোর ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডেই ছিলেন না আলভারেজ।
আগামী মঙ্গলবার লা লিগার গ্রীষ্মকালীন দলবদলের জানালা বন্ধ হচ্ছে। এর আগে ২৬ বছর বয়সী আলভারেজকে নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। অ্যাতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন গত সপ্তাহে বার্সেলোনার বিরুদ্ধে সরাসরি অসততার অভিযোগ তোলেন। তিনি সাফ জানিয়ে দেন, আলভারেজকে কখনোই কাতালানদের কাছে বিক্রি করা হবে না।
অ্যাতলেতিকোর পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানায়, ‘আলভারেজের দলবদল নিয়ে বার্সেলোনার সাথে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। পেশাদার, নৈতিক ও সম্মানজনক উপায়ে হলে অ্যাতলেতিকো মাদ্রিদ সব সময়ই দলবদলের বাজারে আলোচনার জন্য উন্মুক্ত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্লাবের পূর্বঘোষিত অবস্থানে আমরা পুরোপুরি অটল যে, বার্সেলোনা এই শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে। ফলে কোনো আলোচনা হবে না এবং আলভারেজের বার্সেলোনায় যাওয়ার বিষয়টি বিবেচনার সুযোগ শূন্য।’
অ্যাতলেতিকোর ফুটবল ডিরেক্টর মাতেউ আলেমানি সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিকল্পনা একদম পরিষ্কার। হুলিয়ানের গত কয়েক দিন শরীর ভালো ছিল না। আগের দিন সে অনুশীলন করেছে। আমরা আশা করি, সে দ্রুতই খেলায় ফিরবে এবং লা লিগার আমাদের পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে। আমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছি।’
বিশ্বকাপের সময় আলভারেজ জানিয়েছিলেন, বার্সেলোনায় খেলা তার ‘স্বপ্ন’। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা পূরণ হওয়া অত্যন্ত কঠিন। শুধু তাই নয়, অ্যাতলেতিকোর সাথে তার সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত সপ্তাহে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে তার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি কটু বাক্য ভেসে আসে গ্যালারি থেকে। ২-২ গোলে ড্রয়ের পর একা একা মাথা নিচু করে মেত্রোপলিতানো স্টেডিয়ামের টানেল দিয়ে হেঁটে বেরিয়ে যান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর মতে, এই মুহূর্তে আলভারেজের জন্য একমাত্র সম্ভাব্য গন্তব্য হতে পারে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা যদি প্রায় ১৫ কোটি ইউরো প্রস্তাব করে, তবেই হয়তো অ্যাতলেতিকো থেকে এই তারকাকে দলে টানতে পারবে তারা।

