প্রয়াত অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মরণে প্রকাশিত হয়েছে ‘স্মৃতির মণিকোঠায়: অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মারক গ্রন্থ’।
গ্রন্থটি প্রকাশ করেছে অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মারক গ্রন্থ প্রকাশনা পর্ষদ, সম্পাদনা করেছেন প্রয়াত অপূর্ব লাল দের বড় ছেলে ড. অরুণ বিকাশ দে এবং প্রচ্ছদ করেছেন আজিজুল কদির।
গ্রন্থটিতে বন্ধু, স্বজন ও গুণগ্রাহীদের লেখনীতে অ্যাডভোকেট অপূর্ব লাল দের বর্ণাঢ্য কর্মময় জীবনের এক খণ্ডচিত্র ফুটে উঠেছে। আইন পেশায় তার সততা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং পরিবারের প্রতি নিবিড় মমত্ববোধ—সবকিছুর প্রতিচ্ছবি ফুটে উঠেছে গ্রন্থটিতে।
ড. অরুণ বিকাশ দে বলেন, ‘এই গ্রন্থ প্রকাশের মূল উদ্দেশ্য হলো অ্যাডভোকেট অপূর্ব লাল দের আদর্শকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যারা তাকে কাছ থেকে দেখেছেন, তাদের জন্য এটি যেমন নস্টালজিয়া বা স্মৃতিচারণের মাধ্যম, তেমনি যারা তাকে দেখেননি, তাদের জন্য এটি একজন আদর্শ মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ।’
অপূর্ব লাল দের জন্ম চট্টগ্রাম জেলার পটিয়া মহকুমার ভাটিখাইন গ্রামে ১৯৪৫ সালের ২৮ মে। পড়াশোনা করেছেন ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট, কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম আইন কলেজে। কর্মজীবনের শুরুতে ছিলেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে। প্রায় ৪০ বছরের কর্মজীবন পার করে ২০২৫ সালের ১৩ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

