নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি

নেপালে বন্যাকবলিত এলাকার উজানে হিমালয় পর্বতশ্রেণিতে আরও দুটি হ্রদে পানি জমে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তার বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, চীনের একটি উদ্ধারকারী দল গতকাল বৃহস্পতিবার আকাশ থেকে ধারণ করা ভিডিওতে একটি হ্রদ তৈরির বিষয় দেখতে পায়। ভিডিওতে একটি অববাহিকায় বিপুল পরিমাণ পানি জমতে দেখা যায়।

তবে আজ শুক্রবার নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ওই হ্রদ থেকে পানি উপচে পড়তে শুরু করেছে।

ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, স্যাটেলাইটের ছবিতে উজানে আরও একটি হ্রদের অস্তিত্ব পাওয়া গেছে। এটি প্রথম হ্রদটির চেয়ে আয়তনে বড় এবং এর আকারও বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত হ্রদটির পানি বের হওয়ার কোনো দৃশ্যমান পথ দেখা যায়নি। ফলে সেখানে পানির চাপ এখনো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, হ্রদ দুটির পানি পুরোপুরি কমে না যাওয়া পর্যন্ত বন্যার ঝুঁকি থাকবে।

স্যাটেলাইটের ছবির ওপর ভিত্তি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নেপালের কর্মকর্তারা।

তবে স্যাটেলাইট ছবি পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘উজান থেকে নেমে আসা পানির গতিপথে বিশেষ করে সীমান্তবর্তী শহর তিমুরের কাছে ক্যামেরা ও সেন্সর স্থাপনের পরিকল্পনা করছে নেপাল।’

হেলিকপ্টারের মাধ্যমে এসব সরঞ্জাম স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। 
 

Related Articles

Latest Posts