বুমরাহকে সরিয়ে প্রথমবার টেস্টে শীর্ষে স্টার্ক

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এর মাধ্যমে জাসপ্রিত বুমরাহের রাজত্বের অবসান ঘটিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে এক নম্বর বোলারের তকমা পেলেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্টের শীর্ষস্থান দখল করেন বুমরাহ। এরপর গত দুই বছরের অধিকাংশ সময় ডানহাতি এই পেসারই ধরে রেখেছিলেন বিশ্বসেরার মুকুট।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের চলমান টেস্ট সিরিজে বুমরাহের অনুপস্থিতি এবং অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়া স্টার্কের অনবদ্য নৈপুণ্য—দুই মিলে আইসিসি পুরুষদের টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে বড় পরিবর্তন এনে দিয়েছে।

ম্যাকাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০টি উইকেট নেন স্টার্ক। এই বিধ্বংসী বোলিংয়ের মাধ্যমে ৩৬ বছর বয়সী এই তারকা দুই ধাপ এগিয়ে পেছনে ফেলেন বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। অর্জিত হয় ক্যারিয়ারের প্রথম এক নম্বর স্থান।

দীর্ঘ ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের একটা বড় সময় জুড়ে শীর্ষ ১০-এর ভেতরেই ছিলেন এই অস্ট্রেলিয়ান। গত বছরের শেষের দিকে অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলে শীর্ষ তিনে ঢুকে পড়েছিলেন তিনি। এবার শেষ পর্যন্ত উঠে এলেন একবারে সবার উপরে।

স্টার্কের এই উত্থানে বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে, আর হেনরি অবস্থান করছেন তিন নম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে স্পিনার ন্যাথান লায়ন দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছেন। তবে মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৪ নম্বরে। 

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতাতে ভূমিকা রেখে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন ও জশ টাং। লিডসের এই একপেশে ম্যাচে দুজনে মিলে নেন ১৬টি উইকেট। ১৫ ধাপ লাফিয়ে রবিনসন উঠে এসেছেন ১১ নম্বরে এবং ১৬ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন টাং।

টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষস্থান অবশ্য অপরিবর্তিত রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক ও জো রুটের পরই সামান্য পিছিয়ে থেকে তিন ও চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড।

তবে ব্যাটারদের শীর্ষ ১০-এ বড় লাফ দিয়েছেন ভারতের রিশভ পান্ত। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ফিফটি করার পর ছয় ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক ধাপ এগিয়েছেন।

শীর্ষ ১০-এর বাইরে থাকা ব্যাটারদের মধ্যেও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৯ ধাপ এগিয়ে ২১ নম্বরে, শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ২ ধাপ এগিয়ে যৌথভাবে ২২ নম্বরে, পাকিস্তানের আবদুল্লাহ শফিক ৭ ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বরে এবং ভারতের কেএল রাহুল ৫ ধাপ এগিয়ে ৩০ নম্বরে জায়গা করে নিয়েছেন।

টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষস্থান অপরিবর্তিত। যথারীতি এক নম্বরে রয়েছেন ভারতের অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তবে উন্নতি ঘটেছে প্যাট কামিন্স (এক ধাপ এগিয়ে ৭ম), ক্যামেরন গ্রিন (এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম) ও অলি রবিনসনের (পাঁচ ধাপ এগিয়ে ২৩তম)।

 

Related Articles

Latest Posts