সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকার আক্রান্ত, মূল ডেকে আগুন

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের কাছে ‘অজ্ঞাত অস্ত্রের’ আঘাতে একটি তেলবাহী ট্যাংকারের মূল ডেকে আগুন ধরে যায়।

একটি ব্রিটিশ সামুদ্রিক সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নজরদারি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ‘নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।’

সংস্থাটি আরও জানায়, ‘জাহাজের সব নাবিককে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে এবং তারা নিরাপদে আছেন।’ 

ইউকেএমটিও জানিয়েছে, সৌদি শহর ইয়ানবু থেকে ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।

ইয়ানবু ইয়েমেন থেকে কয়েক শ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, ‘সৌদি পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং এটি ক্ষতিগ্রস্ত হয়।’

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। এরপর থেকে নিয়মিত সৌদি জাহাজে হামলা চালাচ্ছে তারা।

এর আগেও বিভিন্ন সময়ে লোহিত সাগরে সৌদি আরব ও অন্যান্য দেশের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

Related Articles

Latest Posts