নতুন হেয়ার কাটে রোনালদোর ৯৭৭, টানা ২৫ মৌসুমে গোলের কীর্তি

বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মাঠে ফিরলেন একদম নতুন রূপ ও নতুন হেয়ার কাটে, আর ফিরেই দেখালেন নিজের চিরচেনা জাদু। পেশাদার ক্যারিয়ারের টানা ২৫তম মৌসুমে গোল করার অবিশ্বাস্য কীর্তি গড়ার দিনে আল নাসরকেও বড় জয় এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুক্রবার আল রিয়াদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তার দল।

বিশ্বকাপের বিরতি ও বিয়ের ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়েই আল নাসরের স্কোয়াডে ফেরেন রোনালদো। তবে সৌদি প্রো লিগের ম্যাচে নতুন কোচ অ্যাঞ্জ পস্টোকগ্লু তাকে শুরুর একাদশে না রেখে বসিয়ে রাখেন ডাগআউটে। ৪-০ ব্যবধানের এই জয়ে ৬২ মিনিটে বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল আল নাসর।

তবে মাঠে নেমে গোলের খরা মেটাতে বেশি সময় নেননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো নিচু ক্রস বক্সের ভেতর দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ৮ গজ দূর থেকে বল জালে জড়ান। আর তাতেই নিশ্চিত হয় দলের ৪-০ গোলের বড় জয়।

এই গোলের মধ্য দিয়ে ফুটবলের ইতিহাসে আরেকটি পাতায় নাম লেখালেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ টানা ২৫ মৌসুমে গিয়ে পৌঁছাল। এর মাধ্যমে তিনি টপকে গেলেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে, যিনি ১৯৯৯ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন।

পাশাপাশি ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড, এটি তার ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ২০২২ সালের ডিসেম্বরে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ১৩০তম গোল।

এর আগে লিগের প্রথম ম্যাচে আল ফেতেহ এবং কিং কাপে আল দিরিয়ার বিপক্ষে ম্যাচে আল নাসরের একাদশে ছিলেন না রোনালদো।

 

Related Articles

Latest Posts