সাভারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের ঢাকা জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১)।
ঢাকা জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, শর্টগানের কার্তুজ এক রাউন্ড, একটি বিদেশি ছোরা (নেপালি), ৩০০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা, দুটি সিসিটিভি ক্যামেরা, একটি ডিভিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দুজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

