অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নের পথে দ্বিতীয় টেস্টের আগে কিছুটা দুশ্চিন্তাও ঢুকে পড়েছে দলে। ডারউইনে শতক করে নায়ক হওয়া তানজিদ হাসান তামিমের ঘাড়ে অস্বস্তি, অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও।
তবে দুই ব্যাটারকে নিয়েই আপাতত বড় কোনো শঙ্কা দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে দলের চোট পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তানজিদকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন। বৃহস্পতিবার ঘাড়ে অস্বস্তির কারণে ব্যাটিং অনুশীলন না করলেও তানজিদ আজ ব্যাটিং করেছেন। তবে পুরোপুরি ফিট কি না, সেটি নিশ্চিত হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চায় বাংলাদেশ।
শান্ত বলেন, ‘তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, কাল সকালে আমরা একটু ভালো সিদ্ধান্ত নিতে পারব।’
তানজিদের জন্য এটিই বড় স্বস্তির খবর। কারণ ডারউইনে নিজের দ্বিতীয় টেস্টেই ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শতক করার পাশাপাশি ওই ইনিংস দিয়ে দলের বড় জয়ের ভিতও গড়ে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার।
ম্যাকাইয়ে বৃহস্পতিবার অনুশীলনে তানজিদ দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং সেশনে অংশ নিলেও ব্যাটিং করেননি। ঘাড়ের অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তাকে ব্যাটিং থেকে দূরে রাখা হয়েছিল। তবে শুক্রবার নেটে ব্যাটিং করায় দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনাই এখন বেশি বলে মনে হচ্ছে।
তবে তানজিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিতে চাইছে না বাংলাদেশ। মেডিকেল দিক বিবেচনায় ম্যাচের সকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করা হবে বলে জানান শান্ত, ‘তামিমের বিষয়ে যেটা বললেন, তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু মেডিকেল টার্মস অনুযায়ী কাল সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে।’
অর্থাৎ ব্যাটিংয়ে ফিরলেও তানজিদকে নিয়ে শেষ সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। তবে তার জায়গায় বিকল্প নিয়েও প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার অনুশীলনে সৌম্য সরকারকে বাড়তি সময় ব্যাটিং করতে দেখা গেছে, ফলে প্রয়োজন হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে টিম ম্যানেজমেন্ট।
শুধু তানজিদ নন, মুশফিকুর রহিমের চোট নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। বৃহস্পতিবার অনুশীলনের সময় আঙুলে বলের আঘাত পেয়ে কিছুক্ষণ মাঠে বসে ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। শান্তও মুশফিককে নিয়ে স্বস্তির কথাই জানিয়েছেন। তার ভাষায়, ‘ভাই এখন পর্যন্ত ঠিক আছে।’
বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি। কারণ ম্যাকাইয়ের বাড়তি বাউন্সের কন্ডিশনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে মুশফিকের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। প্রথম টেস্টেও তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এর মধ্যে পেস আক্রমণেও চোটের প্রভাব ছিল। প্রথম টেস্টে না থাকা শরিফুল ইসলাম এখন সুস্থ হয়ে ফিরেছেন এবং ভালো বোলিং করছেন বলে জানিয়েছেন শান্ত। ফলে তানজিদ ও মুশফিককে ঘিরে দুশ্চিন্তার পাশাপাশি পেস আক্রমণে একটি স্বস্তিও পেয়েছে বাংলাদেশ। ‘শরিফুল ঠিক আছে, সুস্থ আছে, ভালো বোলিংও করছে। আশা করছি, হয়তো যদি ওর সুযোগ আসে, ও ভালো কিছু করবে,’ বলেন শান্ত।

