গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ‘অসন্তোষজনক’ পিচ তৈরির অভিযোগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। তবে পিসিবির আবেদনের পর সেই শাস্তি বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আপিল প্যানেল। ঐতিহাসিক এই মাঠের ইতিহাসে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
কম রানের সেই ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পাওয়ায় পিচের মান নিয়ে প্রশ্ন ওঠে। ৪২ ওভারে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫৭ রানে অলআউট করে চার উইকেটে জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচের এই সিরিজে এটিই ছিল একমাত্র ম্যাচ, যেখানে কোনো দলই ২০০ রান পার করতে পারেনি। পুরো সিরিজে স্পিনবান্ধব উইকেট বানানোর সমালোচনা উঠলেও স্বাগতিকদের এই কৌশলকে শক্তভাবে সমর্থন জানান অধিনায়ক শাহীন আফ্রিদি।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, ম্যাচের ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং দুই দলের মতামত পর্যালোচনার পর এই শাস্তি তুলে নেওয়া হয়েছে। প্যানেলের মতে, পিচে অতিরিক্ত অসমান বাউন্স বা অস্বাভাবিক স্পিন ছিল না।
এর আগে ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয় পিচটিকে ‘অসন্তোষজনক’ হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন, উইকেট ধীরগতির ও নিচু বাউন্সের হওয়ায় রান তোলা কঠিন ছিল এবং তা ওয়ানডে ম্যাচের উপযোগী ছিল না। শাস্তি ঘোষণার পরপরই এর বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়ার কথা জানিয়েছিল পিসিবি।
পিচের ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে আইসিসিতে আবেদন করে এই নিয়ে দ্বিতীয়বার জয় পেল পিসিবি। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলা হলেও, পিসিবির সফল আবেদনে সেই ডিমেরিট পয়েন্টও মওকুফ করা হয়েছিল।
আগামী অক্টোবরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের চারটি ওয়ানডে এবং নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট আয়োজনের কথা রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামেই।
এদিকে কানাডার টরন্টোতে অবস্থিত মেপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের ভাগ্য বদলায়নি। গত ১৬ জুনে অনুষ্ঠিত কানাডা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের পিচ ‘অনুপযোগী’ হওয়ায় বহাল থাকছে মাঠটির তিনটি ডিমেরিট পয়েন্ট। তবে ৮ জুনের যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস ম্যাচের পিচ নিয়ে দেওয়া ‘অসন্তোষজনক’ রেটিং বাতিল করেছে আপিল প্যানেল।

