উন্নত এআই ছাড়াও গুগল পিক্সেল ১১ সিরিজে আরও যেসব নতুন ফিচার

বাজারে পিক্সেল ১১ সিরিজের নতুন চারটি স্মার্টফোন আনছে গুগল। নতুন মডেলগুলো হলো—পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল ও পিক্সেল ১১ প্রো ফোল্ড।

এবারের সিরিজে হার্ডওয়্যারের পাশাপাশি আরও উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনাই, নতুন নিজস্ব প্রসেসর এবং অত্যাধুনিক ক্যামেরাকে গুরুত্ব দিয়েছে গুগল।

চলতি সপ্তাহে নিউইয়র্কে গুগলের বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানে পিক্সেল ১১ সিরিজের এই নতুন স্মার্টফোন উন্মোচন করা হয়।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ১২৮ জিবি স্টোরেজের সংস্করণ বাদ দিয়েছে গুগল। পিক্সেল ১১ মডেলে ন্যূনতম স্টোরেজ থাকছে ২৫৬ জিবি। বেড়েছে দামও। আগের সিরিজের তুলনায় প্রায় ১০০ ডলার করে বেড়েছে পিক্সেল ১১ সিরিজের ফোনের দাম।

কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ার কথা জানিয়েছে গুগল।

২০ আগস্ট থেকে ফোনগুলো বাজারে পাওয়া যাবে। ১২ আগস্ট থেকে গুগল স্টোর, অ্যামাজন ও বেস্ট বাইয়ে প্রি-অর্ডার শুরু হয়েছে।

নতুন সিরিজের দাম

পিক্সেল ১১—৮৯৯ ডলার
পিক্সেল ১১ প্রো—১ হাজার ৯৯ ডলার
পিক্সেল ১১ প্রো এক্সএল—১ হাজার ২৯৯ ডলার
পিক্সেল ১১ প্রো ফোল্ড—১ হাজার ৮৯৯ ডলার

প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ১১ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ‘জেমিনাই ইন্টেলিজেন্স’। আগের তুলনায় এটি এখন আরও স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবে।

গুগলের দাবি, ৪০টির বেশি অ্যাপে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারবে জেমিনাই। যেমন: মুদি পণ্য অর্ডার করা, রাইড বুক করা, রিজার্ভেশন পরিচালনা করা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহারকারীর হয়ে ফোন করা।

ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এআইয়ের কাজ থামিয়ে নিজে নিয়ন্ত্রণ নিতে পারবেন।

এআই সুবিধাগুলো চালানোর জন্য গুগল ব্যবহার করেছে নতুন ‘টেনসর জি৬’ চিপ। এটি গুগলের নিজস্ব তৈরি এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত প্রথম ২ ন্যানোমিটার প্রসেসর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের ভাষ্য অনুযায়ী, আগের চিপের তুলনায় এতে ৫০ শতাংশ বেশি মেশিন-লার্নিং ক্ষমতা রয়েছে।

এআই ছাড়া নতুন সিরিজে রয়েছে ন্যূনতম ১২ জিবি র‌্যাম। আর ব্যাটারি ব্যাকআপ ৩০ ঘণ্টার বেশি বলে দাবি করেছে গুগল। প্রতিষ্ঠানটি জানায়, ১৫ মিনিট চার্জ দিয়ে ব্যবহার করা যাবে প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত।

কনটেন্ট নির্মাতাদের জন্য এই সিরিজের ক্যামেরা অ্যাপে যুক্ত হয়েছে ‘ক্রিয়েটর স্যুট’। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ফ্রেমিং গ্রিড, স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল করা এবং ভিডিওকে প্রজেক্টভিত্তিক ফোল্ডারে সাজানোর সুবিধা থাকবে।

এছাড়া পিক্সেল ১১ প্রো ও প্রো এক্সএল মডেলে রয়েছে ইনস্ট্যান্ট নাইট সাইট। গুগলের দাবি, এটি আগের সংস্করণের তুলনায় কম আলোয় ছবি ৪ দশমিক ৫ গুণ দ্রুত তুলতে পারবে, একইসঙ্গে ছবির মানও ধরে রাখবে।

মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের, যা আগের সিরিজের চেয়ে ৫৬ শতাংশ বেশি আলো গ্রহণ করতে পারে।

পিক্সেল ১১ সিরিজের পাশাপাশি গুগল পিক্সেল ওয়াচ ৫ এবং তাদের প্রথম নিজস্ব আইটেম ট্র্যাকার পিক্সেল ট্যাগও উন্মোচন করেছে।

পিক্সেল ট্যাগে আলট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কাছাকাছি অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করবে। চলতি বছরের শেষদিকে বাজারে আসার কথা এই ডিভাইসটির।

পিক্সেল ১১ সিরিজের প্রতিটি ফোনে সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম, নিরাপত্তা ও পিক্সেল ড্রপ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুগল। পিক্সেল ৮ সিরিজ থেকে প্রতিষ্ঠানটি এই দীর্ঘমেয়াদি আপডেট নীতি অনুসরণ করছে।

প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ১১ সিরিজকে এখন পর্যন্ত গুগলের সবচেয়ে বেশি এআই-কেন্দ্রিক স্মার্টফোন সিরিজ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Latest Posts