নতুন নিয়মে অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

গোলরক্ষকের সময় নষ্ট করার অভ্যাস রুখতে ফুটবল মাঠে এসেছে নতুন আইন। আর সেই নিয়মের ফাঁদে পড়ে, কোচের গড়িমসির খেসারত নিজের ঘাড়ে টেনে নিতে হলো সান্তোসের অধিনায়ক নেইমারকে। ব্রাজিলিয়ান সেরি ‘আ’-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই নিয়মে প্রথম ফুটবলার হিসেবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

গোলরক্ষকদের চিকিৎসায় অহেতুক সময়ক্ষেপণ বন্ধ করতেই এই নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। শিগগিরই ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টেও এটি প্রয়োগ করা হতে পারে। নিয়ম অনুসারে—গোলরক্ষকের চিকিৎসায় খেলা বন্ধ হলে, পুনরায় খেলা শুরুর পর প্রতিপক্ষকে সুবিধা দিতে প্রতিপক্ষ নয়, বরং নিজের দলেরই একজন আউটফিল্ড (গোলরক্ষক ছাড়া অন্য) ফুটবলারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কোচের দায়িত্ব দ্রুত সেই খেলোয়াড়ের নাম জানিয়ে দেওয়া।

কোচ যদি ১০ সেকেন্ডের ভেতরে কোনো খেলোয়াড়কে বেছে নিতে না পারেন, তবে শাস্তি সইতে হয় দলের অধিনায়ককে—তাঁকেই বাধ্য হয়ে বাইরে যেতে হবে।

গত সোমবার ভাস্কো দ্য গামার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয় ব্রাজিলিয়ান শীর্ষ লিগ। সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসকের সাহায্য চাইলে সক্রিয় হয় নতুন আইন। তবে সান্তোস কোচ নির্দিষ্ট ১০ সেকেন্ডে সিদ্ধান্ত নিতে না পারায়, কোচের সেই ভুলের চরম খেসারত গুনে রেফারির নির্দেশে মাঠ ছাড়তে হয় অধিনায়ক নেইমারকে।

 

Related Articles

Latest Posts